বেঙ্গল নেক্সট: দুর্গাপুর:
উন্নত চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে তাদের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত দুর্গাপুরে আউটডোর পরিষেবা দেবেন। ফলে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসার জন্য আর হায়দরাবাদে যেতে হবে না রোগীদের। এই উদ্যোগের আওতায় গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিকস, কার্ডিওলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, স্ত্রীরোগ, নিওনেটোলজি, শিশুরোগ, ইউরোলজি এবং রেডিয়েশন অনকোলজি-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মিলবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আউটডোর পরিষেবার মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত, প্রাথমিক রোগ নির্ণয়, চিকিৎসার পরিকল্পনা এবং ফলো-আপ পরিষেবা স্থানীয় স্তরেই পাবেন। তবে উন্নত পরীক্ষা-নিরীক্ষা, জটিল অস্ত্রোপচার, ইন্টারভেনশনাল চিকিৎসা বা ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের যশোদা হাসপাতালের হায়দরাবাদের সোমাজিগুড়া, সেকেন্দ্রাবাদ, মালাকপেট ও হাইটেক সিটি শাখায় স্থানান্তর করা হবে। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় থাকবে এবং রোগীরা অত্যাধুনিক প্রযুক্তি ও বহুবিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরিষেবা পাবেন।
যশোদা হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট বি. এন. মাকেশ বলেন, “দুর্গাপুরের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত আউটপেশেন্ট পরিষেবার মাধ্যমে রোগীরা স্থানীয়ভাবেই দ্রুত চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক রোগ নির্ণয়ের সুযোগ পাবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদের আমাদের হাসপাতালে নির্বিঘ্নে স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।”

ইতিমধ্যেই দুর্গাপুর আসানসোল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোগীরা হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। আগামী দিনে এই হাসপাতাল রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে নিবিড় সেতুবন্ধনে উদ্যোগী হয়েছে।







