বেঙ্গল নেক্সট:
দুর্গাপুর: বিদেশে কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ নিয়ে এবার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ এডুকেশন ফেয়ার। দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আগামী ১৬ আগস্ট এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা ঘিরে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিদেশে চিকিৎসাবিজ্ঞান পড়াশোনার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার সদস্যরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বহু পড়ুয়ার বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু বিদেশে পড়াশোনার খরচ, ভর্তি প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে অনেক পড়ুয়া ও অভিভাবকের মধ্যে সংশয় থাকে। সেই সমস্ত বিষয়কে সহজতর করার লক্ষ্যেই এই এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়। সংস্থার সদস্যদের দাবি, তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যেতে পারে। আমেরিকা, রাশিয়া-সহ বিভিন্ন দেশে ডাক্তারি পড়ার জন্য আগ্রহী পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশ দেওয়া হবে। কোন দেশে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম, কীভাবে আবেদন করতে হবে, ভর্তি প্রক্রিয়া কী, কী ধরনের যোগ্যতা প্রয়োজন এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে এ ধরনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেলায় আলোচনা করা হবে।
সাংবাদিক বৈঠকে সংস্থার ডাইরেক্টর অজয় কুমার সিং বলেন, “আমাদের মাধ্যমে বিদেশে ডাক্তারি পড়তে অনেক কম খরচ হবে। বর্তমানে বিদেশে ডাক্তারি পড়ার ব্যাপারে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। সেই আগ্রহের কথা মাথায় রেখেই এই এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে।”







